আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে গত ৮ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত ২১২টি মামলায় ও ১৫ অভিযোগের ভিত্তিতে মোট ২৪ লাখ ৪ হাজার ২৫০ টাকা জরিমানা আদায় হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্যসচিব ও এনআইডি অনুবিভাগের পরিচালক (অপারেশন) মো. সাইফুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি বলেন, গত ৮ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মোট ২১২টি মামলা করেছেন। এসব মামলায় জরিমানা আদায় হয়েছে মোট ২২ লাখ ৯৮ হাজার ৭৫০ টাকা।

মো. সাইফুল ইসলাম বলেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচন কমিশনে (ইসি) এখন পর্যন্ত ৩৪৪টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে ১৪৩টি। এছাড়া নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও অন্যান্য বিষয়ে অভিযোগ রয়েছে ২০১টি। অন্যদিকে, ইলেক্টোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি বিভিন্ন অপরাধে ১৫টি অভিযোগের সংক্ষিপ্ত বিচার সম্পন্ন করেছে। এতে জরিমানা করা হয়েছে আরো ১ লাখ ৫ হাজার ৫০০ টাকা।