প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে বরিশালে লেজার ও ড্রোন শো করেছে ফরচুন সুজ কোম্পানি। মঙ্গলবার রাত ৯টায় নগরীর কাউনিয়া বিসিক এলাকায় প্রিমিয়ার ফুট ওয়্যার লিমিটেড ভবনে এ লেজার ও ড্রোন শো অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর জন্মদিনের কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন ফরচুন গ্রুপের চেয়ারম্যান ও বিসিক মালিক সমিতির সভাপতি মো. মিজানুর রহমান।
এরপর লেজার শোর মাধ্যমে প্রধানমন্ত্রীর ওপর নির্মিত ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এ সময় ফরচুন টেকনোলজির উদ্বোধন করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান। পরে ড্রোন শো অনুষ্ঠিত হয়।
এ সময় মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ এনামুল হক, বরিশাল অঞ্চলের কর কমিশনার মোহাম্মদ মোস্তফা, বরিশাল বিসিক শিল্প নগরীর ডিজিএম জালিস মাহমুদ, ইসলামী ব্যাংকের জোনাল হেড মো. আমিনুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে বিকালে বিসিক মালিক সমিতির কার্যালয়ে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।










