দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ফ্যাসিবাদমুক্ত, ইনসাফভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী ১২ ফেব্রুয়ারি গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করার জন্য আহ্বান জানিয়েছে সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ। একইসঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থীদের বিজয় নিশ্চিত করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে।

গতকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আয়োজিত ‘‌গণভোট ও জাতীয় নির্বাচন; আলেম সমাজের ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় এ আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাইয়েদ কামাল উদ্দিন আব্দুল্লাহ জাফরী।

আলোচনা সভায় বক্তারা বলেন, আসন্ন গণভোট কেবল একটি সাংবিধানিক প্রক্রিয়া নয়; এটি ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠন, বৈষম্য দূরীকরণ এবং ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার একটি ঐতিহাসিক সুযোগ। গণভোটে ‘হ্যাঁ’ ভোটের বিজয়ের মাধ্যমেই দেশে ইসলামী মূল্যবোধভিত্তিক ন্যায়সংগত সমাজব্যবস্থা প্রতিষ্ঠার পথ সুগম হবে বলে জানানো।

সভায় আলেম সমাজের মধ্যে বিভক্তি সৃষ্টি এবং নির্দিষ্ট রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে প্রচারিত বিভ্রান্তিকর ও মনগড়া ফতোয়াকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করা হয়। এ ধরনের ফতোয়া ইসলামের সঙ্গে সম্পৃক্ত নয় উল্লেখ করে সাধারণ মানুষকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে আলেম সমাজকে ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানানো হয়।

সভায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিবের সাম্প্রতিক বক্তব্য নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। এ ধরনের বক্তব্যকে পক্ষপাতদুষ্ট ও বিভ্রান্তিকর উল্লেখ করে দায়িত্বশীল আচরণ পালনের আহ্বান জানানো হয়। প্রয়োজনে জাতীয় মসিজদের খতিবের দায়িত্ব ও কার্যক্রম পুনর্বিবেচনার বিষয়েও আলোচনা করা হয়।

আলোচনা সভায় সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে নারীদের ওপর সংঘটিত সহিংসতা ও নিপীড়নের ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। নারীর মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।

এ ছাড়া দুর্নীতি, জবরদখল, চাঁদাবাজি ও ভোট কেনাবেচার মতো অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নিয়ে ১২ ফেব্রুয়ারি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে ভোটাধিকার প্রয়োগের জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সহিংসতা প্রতিরোধে আলেম সমাজ সর্বাত্মক সহযোগিতার অঙ্গীকার করে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে মাওলানা আবুল কালাম আজাদ বাশার, বাংলাদেশ মসজিদ মিশনের সভাপতি মাওলানা যাইনুল আবেদীন, ইসলামী কানুন বাস্তবায়ন কমিটির আমির মাওলানা আবু তাহের জিহাদী, মসজিদ মিশনের সেক্রেটারি জেনারেল ড. খলিলুর রহমান মাদানী, মুফতি কাজী ইব্রাহিম, ছারছিনা দরবার শরিফের ছোট পীর শাহ আবু নছর নেসারুদ্দিন আহমাদ হুসাইন, ইয়াহইয়া উল ইলুমিস সুন্নাহর সভাপতি মাওলানা হাবীবুল্লাহ মো. কুতুবুদ্দীন, তানজীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা হাবীবুল্লাহ মুহাম্মদ ইকবাল, বাংলাদেশ ইমাম সমিতির সভাপতি মাওলানা লুৎফর রহমান, মাওলানা হাবীবুল্লাহ রুমী, ড. মীম আতিকুল্লাহ, মুফতি মহিউদ্দীনসহ অনেকে উপস্থিত ছিলেন।