রাজধানীর কাওরান বাজারে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। গতকাল রাত পৌনে ১২টার দিকে এ হামলা চালানো হয়।
জানা যায়, শাহবাগ থেকে মিছিল নিয়ে বিক্ষুব্ধ একটি দল কারওয়ান বাজারের দিকে অগ্রসর হয়। মিছিলটি প্রথম আলো কার্যালয়ের সামনে পৌঁছে বিক্ষোভ শুরু করে। সেখানে উপস্থিত পুলিশ সদস্যরা বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা চালান। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
বিক্ষোভকারীরা লাঠিসোটা নিয়ে প্রথম আলো কার্যালয়ে ভাংচুর শুরু করে। কার্যালয়ের বেশিরভাগ জানালার গ্লাস ভেঙে ফেলা হয়। রাত ১২টার দিকে তাদের একটি অংশ কার্যালয়ের ভেতরে ঢুকে টেবিল-চেয়ার ও কাগজপত্র রাস্তায় বের করে নিয়ে আসে এবং সেগুলোয় আগুন ধরিয়ে দেয়। এ সময় বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দেন।
পরবর্তীতে ঘটনাস্থলে সেনাবাহিনী উপস্থিত হয়ে তাদের বুঝানোর চেষ্টা করে। একপর্যায়ে বিক্ষোভকারীরা সেখান থেকে সরে গিয়ে পার্শ্ববর্তী ডেইলি স্টারের কার্যালয়ে হামলা চালায় এবং আগুন ধরিয়ে দেয়।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম থেকে জানানো হয়, রাত ১টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ বিষয়ে ফায়ার সার্ভিসের মুখপাত্র শাজাহান সিকদার বণিক বার্তাকে জানান, ডেইলি স্টার ভবনের আগুন নিয়ন্ত্রণে দুইটি ইউনিট কাজ করেছে।
এদিকে ঘটনাস্থলে সেনাবাহিনী, র্যাব, পুলিশসহ আইনশৃঙ্ক্ষলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন রয়েছেন।










