বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জাতীয় জুলাই সনদ সই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) জাতীয় ঐক্যমত্য কমিশনের একটি প্রতিনিধি দল সাবেক এ প্রধানমন্ত্রীর হাতে আমন্ত্রণপত্র তুলে দেন। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে এভারকেয়ার হাসপাতালে যান ঐকমত্য কমিশনের সদস্যরা। খালেদা জিয়া হাসপাতালের বিছানায় শুয়ে দাওয়াতপত্র পড়ে দেখেন।
এ সময় বদিউল আলম মজুমদার, মনির হায়দার ও বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন। শুক্রবার (১৭ অক্টোবর) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদে স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য বুধবার মধ্যরাত থেকে হাসপাতালে ভর্তি আছেন খালেদা জিয়া।










