বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ফ্যাসিস্ট সরকার গুম, খুন, দমন-পীড়নের মাধ্যমে দেশের ভাবমূর্তি নষ্ট করেছে। জাতিসংঘের প্রতিবেদনে এসব অপরাধের দালিলিক প্রমাণ রয়েছে, যা সংরক্ষণ করা প্রয়োজন। ভবিষ্যৎ প্রজন্মকে সত্য জানাতে এটি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা উচিত।

আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুরের লাহারকান্দি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ্যানি বলেন, গত ১৬ বছর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বাধ্যতামূলকভাবে ‘জয় বাংলা’ ও ‘মুজিববাদী’ শিক্ষা দেওয়া হয়েছে। ইতিহাস বিকৃত করে স্বাধীনতা সংগ্রামের গল্প উপস্থাপন করা হয়েছে। তবুও জনগণ বিশ্বাস করেনি, হাসিনার পাশে দাঁড়ায়নি। তাই জাতিসংঘের গুম-খুনের প্রতিবেদন পাঠ্যপুস্তকে লিপিবদ্ধ করা জরুরি।

তিনি আরো বলেন, আমরা আশা করি, দেশে সুষ্ঠু নির্বাচন হবে, জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। বিএনপি ক্ষমতায় গেলে শহীদ আবু সাঈদসহ সব গুম-খুনের সত্য প্রকাশ করা হবে। জাতিসংঘের ঐতিহাসিক প্রতিবেদন পাঠ্যবইতে অন্তর্ভুক্ত করা হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম জানে, কীভাবে দেশ দমন-পীড়নের শিকার হয়েছিল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, লক্ষ্মীপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান হাসানুজ্জামান চৌধুরী মিন্টু, বিদ্যালয়ের দাতা সদস্য আলমগীর হোসেন রাজু ও বিএনপি নেতা মোহাম্মদ শাহজাহান মাস্টারসহ অনেকে।

অনুষ্ঠান শেষে বার্ষিক ক্রীড়ায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।