টাঙ্গাইলের সখীপুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের বালিশের নিচে পিস্তল রেখে ফাঁসানোর চেষ্টা করায় আপন ছোট ভাইকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল বুধবার রাতে উপজেলার বড়চওনা গ্রাম থেকে গ্রেফতারকৃত ওই যুবকের নাম আজিজুল ইসলাম (৪০) ওরফে আজিজ কালু। এ সময় ৭.৬২ মিমি বোরের একটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, উপজেলার বড়চওনা গ্রামের মৃত রাইজুদ্দিনের তিন ছেলে আইয়ুব আলী, আজিজুল ও আলামিন। বেশ কয়েকদিন ধরে আইয়ুব আলীর সঙ্গে অপর দুই ভাই আজিজুল ও আলামিনের জমি নিয়ে বিরোধ চলছে।
বুধবার বিকেলে আজিজুল তার বড় ভাই আইয়ুবের বিছানার নিচে অস্ত্র রয়েছে বলে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ওই ঘরের বিছানার নিচ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করে। এ সময় আইয়ুবের ঘরের জানালা খোলা দেখে পুলিশের সন্দেহ হয়।
এ ঘটনায় আজিজুল ইসলামকে জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা বেরিয়ে আসে। পরে পুলিশ আইয়ুবকে ছেড়ে দিয়ে ছোট ভাই আজিজুলকে নিয়ে অস্ত্রের প্রকৃত মালিকের খোঁজে অভিযানে নামে।
ঘটনার সঙ্গে জড়িত তাদের আরেক ভাই আলামিন ও পিস্তল সরবরাহকারী আলামিনের বন্ধু শফিকুলকে খুঁজছে পুলিশ। আজ বৃহস্পতিবার এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের দুজন এখনও ধরা পড়েননি।
পুলিশের তথ্যমতে, শফিকুলের বিরুদ্ধে এর আগেও অস্ত্র ও চাঁদাবাজির মামলা রয়েছে। এ কারণে সে কয়েক বছর জেলও খেটেছে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, এ ঘটনায় এসআই জাহিদুল ইসলাম বাদী হয়ে মামলা করেছেন। মূলত বড় ভাইকে ফাঁসাতে ছোট দুই ভাই বিছানার নিচে অস্ত্র লুকিয়ে রেখে পুলিশকে খবর দেয়। ঘটনার মূলহোতা ছোট ভাই আলামিন মিয়া ও তার বন্ধু অস্ত্র ও চাঁদাবাজি মামলায় ১০ বছর সাজাখাটা শফিকুলকে গ্রেফতারের অভিযান চলছে।









