বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও তার স্বামীকে মারধরের ঘটনায় অভিযুক্ত জাহিদ হোসেন জয়কে মাদারীপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত ১০টায় তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়সংলগ্ন আনন্দ বাজারে এক ছাত্রী ও তার স্বামীকে মারধরের ঘটনার মামলায় জয়কে গ্রেফতার করা হয়েছে। জয় মামলার প্রধান আসামি।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর খোরশেদ আলম বলেন, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কাছে ন্যক্কারজনক ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট প্রধান অভিযুক্ত গ্রেফতার হয়েছে—এটা স্বস্তিদায়ক খবর। ঘটনার যথাযথ তদন্তের মাধ্যমে দ্রুত আইনি প্রক্রিয়া সম্পূর্ণ হবে বলে আশা রাখি। দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সেক্ষেত্রে সংশ্লিষ্ট সব মহলের দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করছি।

প্রসঙ্গত, বরিশাল বিশ্ববিদ্যালয়সংলগ্ন আনন্দবাজারে এক ছাত্রী ও তার স্বামীকে মারধরের অভিযোগ ওঠে স্থানীয় জাহিদ হোসেন জয় ও চরকাউয়া ইউনিয়ন পরিষদের সদস্য সাইদুল আলম লিটনসহ তাদের সহযোগীদের বিরুদ্ধে। পরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জয় ও লিটনের বাড়িতে ঘর ভাঙচুর এবং তার বৃদ্ধ পিতামাতাকে মারধরের অভিযোগ ওঠে। ভাংচুর করা হয় শেখ রাসেল পাঠাগারও। ভাংচুরের পর শিক্ষার্থীরা ঢাকা-পটুয়াখালী মহাসড়ক বন্ধ করে দেয় এক ঘণ্টার জন্য। পরবর্তী সময়ে প্রশাসনের আশ্বাসে সড়ক অবরোধ থেকে সরে যায় শিক্ষার্থীরা এবং আলটিমেটাম দেয়া হয় জয় ও লিটনকে গ্রেফতারের জন্য। রাতেই ৬ জনকে আসামি করে মামলা করেন ওই ছাত্রীর স্বামী।