কভিড সংক্রমণের কারণে এক-দেড় বছর ধরে চার দেয়ালে বন্দি থেকে কঠোর বিধিনিষেধ পালন করে মাঠের খেলায় অংশ নিতেন খেলোয়াড়রা। ফলে অনেক খেলোয়াড় মানসিক অবসাদে ভুগেছেন এবং সিরিজ থেকে নিজেদের সরিয়েও নিয়েছেন। তবে কভিড পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এবার বাংলাদেশ-শ্রীলংকা সিরিজে থাকছে না কোনো বায়োবাবল বা জৈব সুরক্ষা বলয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক মনজুর হোসেন গতকাল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মনজুর হোসেন বলেন, বায়োবাবল বলে এবার কিছু থাকছে না। কভিড পরীক্ষা করা হবে। এছাড়া কারো মধ্যে উপসর্গ দেখা দিলে পরীক্ষা করা হবে। শ্রীলংকা দল ৮ মে (আগামীকাল) ঢাকায় আসবে, চেষ্টা করা হবে তাদের সেদিনই টেস্ট করার।

বায়োবাবল না থাকলেও সাবধানতা অবলম্বনের বার্তা দিচ্ছে বিসিবির মেডিকেল বোর্ড। মনজুর হোসেন বলেছেন, এমনিতে কোনো বিধিনিষেধ নেই। তবে আমাদের দিক থেকে বলা হয়েছে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য এবং মাস্ক, স্যানিটাইজার ব্যবহার করার জন্য।

ঢাকায় আসার পর সাভারের বিকেএসপিতে দুদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে শ্রীলংকা ক্রিকেট দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৫ মে শুরু হবে দুই দলের প্রথম টেস্ট। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২৩ মে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এই ম্যাচ দুটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

সম্প্রতি দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে সিরিজ জিতলেও দুই টেস্টের সিরিজে ধরাশায়ী হয় বাংলাদেশ।