ফরিদপুরের মধুখালী ও ভাঙ্গা উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত হয়েছেন। এ দুটি দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত আরো ১০ জন। এর মধ্যে আজ সকালের একটি দুর্ঘটনাতেই নারী ও শিশুসহ ছয়জন নিহত হয়েছেন।
করিমপুর হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক মো. কাউছার জানান, ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালী উপজেলার মাঝকান্দিতে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
তিনি জানান, সকালে ঝিনাইদহ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা একটি মাইক্রোবাস মাঝকান্দিতে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে দুই নারী, এক শিশুসহ ছয়জনের মৃত্যু হয়।
নিহতদের মধ্যে দুজনের মরদেহ করিমপুর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে ও চারজনের মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। এঘটনায় আহত ১০ জনকে চিকিৎসা দেয়া হচ্ছে; যাদের মধ্যে আরো চারজনের অবস্থা আশঙ্কাজনক।
অপরদিকে ফরিদপুরের ভাঙ্গা বিশ্বরোডে মোটরসাইকেল-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত হয়েছে বলে ভাঙ্গা হাইওয়ে পুলিশের সূত্রে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছে আরো একজন। আজ রবিবার ভোরে ভাঙ্গা বিশ্বরোডে এই ঘটনা ঘটে। নিহতদের একজন হলেন শফিকুল খানের পুত্র সাকিল খান (২২)। তিনি ঢাকার সরকারী তিতুমীর কলেজের বিবিএ ৩য় বর্ষের ছাত্র। অপর নিহত ও আহতের পরিচয় এখনো পাওয়া যায়নি।
ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ জানায়, রবিবার ভোরে সাকিল তার দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে শিবচর থেকে ভাঙ্গার উদ্দেশে রওনা হয়। তাদের মোটরসাইকেলটি ভাঙ্গা বিশ্বরোডে আসলে মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মটরসাইকেলে থাকা দুই শিক্ষার্থী মারা যায়। আহত অপরজনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এনে ভর্তি করা হয়েছে।









