মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযান চালিয়েছেন। গতকাল বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ওই অভিযানের একটি ভিডিও আপলোড করা হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়েছে।
ইশরাক হোসেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য। ভিডিওতে দেখা যায়, নিজ নির্বাচনী এলাকার গেন্ডারিয়া থানার ৪৫ নম্বর ওয়ার্ডের রেললাইন-সংলগ্ন বস্তিতে আকস্মিক অভিযানে যান তিনি। এ সময় পিস্তল হাতে গাড়ি থেকে নেমে চিৎকার করে তিনি বলেন, ‘এই ধর ধর ধর...।’ পাশ থেকে আরেকজনকে বলতে শোনা যায়, ‘একেবারে গুলি করে দেব।’ প্রতিমন্ত্রীর দেহরক্ষীরা তখন দৌড়ে কয়েকজনকে ধরার চেষ্টা করেন। একজনকে লাথি মারেন এক দেহরক্ষী।
গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির জানান, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ছয়জনকে আটক করে থানায় ফোন দিলে পুলিশ গিয়ে তাদের নিয়ে আসে। তিনি বলেন, ‘আটক ব্যক্তিদের কাছে সাদা পাউডারজাতীয় পদার্থ পাওয়া গেছে। সেগুলো হেরোইন কিনা, তা পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।’
প্রদর্শিত পিস্তলটির লাইসেন্স আছে কিনা জানতে চাইলে ইশরাক হোসেনের এপিএস আরিফুল ইসলাম বলেন, ‘পিস্তল নয়, তিনি লাঠি নিয়ে অভিযানে গেছেন।’
এদিকে অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের মাদকবিরোধী অভিযান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে। লাইসেন্স থাকলেও নিজের অস্ত্র এভাবে প্রদর্শন করা যায় কিনা—সেই প্রশ্ন তোলেন কেউ কেউ।
ফেসবুক পেজে আপলোড করা ভিডিওতে দেখা যায়, অভিযান শেষে ইশরাক বলেন, ‘ঢাকা-৬ আসনকে মাদকমুক্ত না করা পর্যন্ত অভিযান অব্যাহত রাখা হবে। মাদক কারবারিরা যে দলেরই হোক, তাদের ছাড় দেয়া হবে না। এমনকি তার নিজ দলের কেউ মাদক কারবারে জড়িত থাকলে তার শাস্তি আরো বড় হবে।’
তিনি আরো বলেন, ‘এলাকায় যারা মাদক বিক্রি করে, তাদের স্থান ঢাকা-৬ আসনে নেই। আমার এ এলাকা থেকে মাদকবিরোধী অভিযান শুরু হয়েছে। সারা বাংলাদেশে চলবে, দেশের কোথাও মাদকের জায়গা হবে না।’ ঢাকা-৬ আসন মাদকমুক্ত করতে অভিযান অব্যাহত রাখার পাশাপাশি এলাকাবাসীর সহযোগিতা চান ইশরাক হোসেন।










