সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানাসহ তাদের পরিবারের ৭ সদস্যের ব্যাংক হিসাবের তথ্য তলব করা হয়েছে। শেখ হাসিনার পাশাপাশি তার মেয়ে সায়মা ওয়াজেদ হোসেন (পুতুল) ও ছেলে সজীব আহমেদ ওয়াজেদের (জয়) ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়। এছাড়া শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক (ববি), দুই মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিকের হিসাবের তথ্য চাওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সম্প্রতি দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে। লেনদেন তলব করার নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালাসংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে বলে বিএফআইইউর চিঠিতে বলা হয়েছে। চিঠিতে তলব করা ব্যক্তির নাম ও জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত তথ্য দেয়া হয়।

জানা গেছে, এ সাতজন কোনো ধরনের আর্থিক অপরাধের সঙ্গে জড়িত ছিলেন কিনা, তা খতিয়ে দেখতে ব্যাংক হিসাব তলব করা হয়েছে।