গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে ৪৯টি কম্পিউটার চুরির আলোচিত ঘটনার দায়ে ইউনিয়ন যুবলীগের বহিষ্কৃত নেতা পলাশ শরীফকে আদালতে সোপর্দ করেছে পুলিশ। তাকে গোপালগঞ্জের জলিরপাড় এলাকা থেকে গ্রেফতারের পর আজ সোমবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়।
পলাশ শরীফকে আদালতে সোপর্দ করার কথা নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ডিউটি অফিসার এসআই আহাদুজ্জামান।
করোনা ভাইরাসের কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকা অবস্থায় গত বছর ২৬ জুলাই বিশ্ববিদ্যালয়ের ‘একুশে ফেব্রুয়ারি গ্রন্থাগার’ থেকে ৪৯টি কম্পিউটার চুরি হয়। এ ঘটনায় ওই বছরের ১০ আগস্ট বিশ্ববিদ্যালয়ের তৎকালীন রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. নূরউদ্দিন আহমেদ বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় যুবলীগ নেতা পলাশ শরীফের নাম সামনে এলে ১৩ আগস্ট তাকে যুবলীগ থেকে সাময়িক বহিষ্কার করা হয়।
এরই মধ্যে রাজধানীর এক হোটেলে অভিযান চালিয়ে ৩৪টি কম্পিউটার উদ্ধার করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত বাকি ১৫টি কম্পিউটারের হদিস মেলেনি। এ ঘটনায় দায়েরকৃত মামলায় এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ মোট ৯ জনকে গ্রেফতার করা হল।









