মিরসরাইয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় চাচা-ভাতিজা নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হন আরো একজন।
রোববার সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর রোডের জিরো পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় মৃত ব্যক্তিরা হলেন উপজেলার মিঠানালা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মধ্যম মিঠানালা গ্রামের মেহের আলী ভূইয়া বাড়ির মোহাম্মদ আলী জিন্নার ছেলে জাবেদ হোসেন (২৮) ও একই বাড়ির তছলিম হোসেনের ছেলে নাজমুল হোসেন (১৫)। আহত হন মো. দিদার হোসেন।
তারা তিনজনই মোটরসাইকেলের আরোহী ছিলেন।
নিহতের স্বজন মো. আলাউদ্দিন বলেন, রোববার বিকালে মিরসরাইয়ের বঙ্গবন্ধু শিল্পজোন এলাকায় ঘুরতে যান জাবেদ, নাজমুল ও দিদার।
সন্ধ্যায় সেখান থেকে ফেরার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে।
পরে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গিলে রাতে কর্তব্যরত চিকিৎসক জাবেদ হোসেন ও নাজমুল হোসেনকে মৃত ঘোষণা করেন।
আহত মো. দিদার চিকিৎসাধীন অবস্থায় আছেন।
বিষয়টি নিশ্চিত করে মিঠানালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম বলেন, সড়ক দুর্ঘটনায় আমার ইউনিয়নের দুজনের মৃত্যু হয়েছে।
আহত হয়েছে আরো একজন।
সে চমেকে চিকিৎসাধীন।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের জিরো পয়েন্ট এলাকায় দুজন নিহত হয়েছেন বলে জানতে পেরেছি।









