দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৪ জন। গতকাল ও আগের দিন রাতে গাজীপুর, কুমিল্লা, সিরাজগঞ্জ, ঝিনাইদহ, নারায়ণগঞ্জ, পঞ্চগড়, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—
গাজীপুর: জেলার শ্রীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা লেগে সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত চারজন। গতকাল ভোরে উপজেলার মাওনা-বরমী আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আনসার আলী সরদার (৫০) রংপুরের বদরগঞ্জ উপজেলার চক পলাশবাড়ী গ্রামের বাসিন্দা। আহতরা হলেন একই এলাকার মো. ইয়াকুব মণ্ডল (৫৫), মো. আলম মণ্ডল (৫০), আব্দুস ছাত্তার (৪৫) ও লুৎফর রহমান (৪০)। তারা সবাই ধান কাটতে শ্রীপুরে এসেছিলেন।
কুমিল্লা: জেলার বরুড়ায় গ্যাস সিলিন্ডারবাহী একটি পিকআরে নিচে চাপা পড়ে জিসান (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো দুজন। গতকাল দুপুর ২টার দিকে উপজেলার পশ্চিম বরুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বরুড়া থানার ওসি কাজী নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত জিসান পশ্চিম বরুড়া গ্রামের মো. ফারুক হোসেনের ছেলে। সে স্থানীয় হাজী নোয়াব আলী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছিল।
সিরাজগঞ্জ: তাড়াশে অটোরিকশার ধাক্কায় নুরাইয়া খাতুন (৭) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে উপজেলার নওগাঁ ইউনিয়নের জিন্দানী ডিগ্রি কলেজের পাশে রাস্তার পার হওয়ার সময় এ দুর্ঘটনার শিকার হয় সে। তাড়াশ থানার ওসি মো. জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত নুরাইয়া স্থানীয় শরিফাবাদ কেজি স্কুলের শিশু শ্রেণীর শিক্ষার্থী ছিল। সে উপজেলার বানিয়াবহু গ্রামের ফিরোজ হোসেনের মেয়ে।
ঝিনাইদহ: জেলা শহরের হামদহ আলহেরা মোড়ে ট্রাকচাপায় বাদল মোল্লা (৫৫) নামে এক নৈশপ্রহরী নিহত হয়েছেন। গতকাল ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাদল মোল্লা সদর উপজেলার ছোট কামারকুণ্ডু উত্তর পাড়া গ্রামের মোকছেদ আলীর ছেলে। তিনি আলহেরা মোড় এলাকায় নৈশপ্রহরীর দায়িত্ব পালন করতেন।
নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে পিকআপের ধাক্কায় জাহিদুল ইসলাম জুয়েল (৩৭) নামে এক ইজিবাইকচালক নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ১২টার দিকে সানারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গতকাল বিকালে বিষয়টি নিশ্চিত করেন শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ টিআই আবু নাইম সিদ্দিক। পিকআপের হেলপার মো. আলমগীরকে (২২) আটক করেছে পুলিশ। নিহত জাহিদুল ইসলাম জুয়েল পটুয়াখালীর মরিচবুনিয়া গ্রামের ইউনুস মাতুব্বরের ছেলে।
পঞ্চগড়: দেবীগঞ্জে স্কুলে যাওয়ার পথে ট্রাক্টরের ধাক্কায় বাবার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে জিনেদিন জিদান (৬) নামে একটি শিশু নিহত হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা, বড় বোন এবং ট্রাক্টর চালকের সহকারী আহত হয়েছেন। গতকাল সকালে পৌরসভার সবুজপাড়া এলাকায় এলএসডি মোড়ে দেবীগঞ্জ-ভাউলাগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। জিদান একই উপজেলার চিলাহাটি ইউনিয়নের বলরামপুর প্রধানপাড়া এলাকার স্কুলশিক্ষক নজরুল ইসলামের ছেলে।
চাঁদপুর: তিন যানবাহনের সংঘর্ষে চাঁদপুরে শাহাজান পাটওয়ারী (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। মঙ্গলবার রাতে সদর উপজেলার কুমারডুগি এলাকায় চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহাজান পাটওয়ারী (৪০) সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের মফিজুল ইসলামের ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া: মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মো. তুলিপ (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সিমনা-ব্রাহ্মণবাড়িয়া সড়কের দ্বিতীয় ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত তুলিপ কসবা উপজেলার কুটি ইউনিয়নের জাজিয়ারা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।










