ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড দিতে পরিবর্তন এনেছিল নির্বাচন কমিশন (ইসি)। প্রথমবারের মতো এবারই সাংবাদিকদের কার্ড ও গাড়ির স্টিকার পেতে অনলাইনে আবেদন বাধ্যতামূলক করা হয়েছিল। তবে সাংবাদিকদের তোপের মুখে বাধ্যতামূলক এ সিদ্ধান্ত থেকে গত বৃহস্পতিবার সরে আসে ইসি। তার আগেই নির্বাচনসংক্রান্ত নিউজ কাভার করার জন্য ১৪ হাজার সাংবাদিক আবেদন করেছিলেন। তবে এ ১৪ হাজার সাংবাদিকের তথ্য ইসির ওই নির্দিষ্ট ওয়েবসাইট থেকে ফাঁস হয়ে গেছে।

গতকাল বিকাল ৪টার দিকে ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের এনআইডি নম্বর, মোবাইল নম্বরসহ আবেদনের কপি ফাঁস হয়ে যায়।

নির্বাচন কমিশনের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হয়েছে। ইসির নির্ধারিত এ ওয়েবসাইটে দেখা যায়, বিকাল ৪টার পর কেউ লগইন করে ওয়েবসাইটে প্রবেশের সঙ্গে সঙ্গেই ১৪ হাজার সাংবাদিকের আবেদনের তালিকা হোম পেজে চলে আসে। ওয়েবসাইটের হোমপেজে তালিকা আসার পাশাপাশি আবেদনকারীর নাম, এনআইডি নম্বর, মোবাইল নম্বর ও সম্পূর্ণ আবেদন ওপেন করার অপশন চলে আসে।

বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাংবাদিকরা বৈঠক করে আলটিমেটাম দিলে ইসি অনলাইন সিস্টেম থেকে সরে এসে আগের পদ্ধতিতে কার্ড ও গাড়ির স্টিকার দেয়ার সিদ্ধান্ত নেয়।

এ বিষয়ে নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক রুহুল আমিন মল্লিক বলেন, ‘আমরা অনলাইন সিস্টেম গতকাল (শুক্রবার) বন্ধ করে দিয়েছি। আজ (শনিবার) এটা কীভাবে ওপেন হলো সেটা খোঁজ নিয়ে বলতে পারব।’ পরে তিনি খোঁজ নিয়ে জানান, শনিবার বিকালে ওয়েবসাইটটার অ্যাডমিনের দায়িত্বে যিনি ছিলেন, তিনি ওপেন করেছিলেন। তবে এখন ওয়েবসাইট বন্ধ আছে।