সারা দেশের মতো রাজধানী ঢাকাতেও জেঁকে বসেছে তীব্র শীত। সেইসঙ্গে বইছে হিমেল বাতাস। বৃহস্পতিবার ভোর থেকেই রাজধানীতে ঘন কুয়াশা দেখা যায়। আজ সকালে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা আজ রেকর্ড করা হয়েছে ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস, যা এ মৌসুমে সর্বনিম্ন।

ভোর থেকে সকাল পর্যন্ত কুয়াশার চাদর ঢাকা শহরকে ঢেকে রেখেছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও সকালে কর্মস্থলে যাত্রা করা মানুষকে ভারী শীতবস্ত্র পরে বাইরে বের হতে দেখা যায়।

শৈত্যপ্রবাহ ও কুয়াশা ঢাকার পাশাপাশি দেশের অন্যান্য অঞ্চলেও প্রভাব ফেলছে। আজ চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৮ ডিগ্রি সেলসিয়াস।

এর আগে, আবহাওয়া অধিদপ্তরের ৭২ ঘণ্টার পূর্বাভাসে ঘন কুয়াশার কারণে সারা দেশের কোথাও কোথাও দিবাভাগে (দিনের বেলায়) শীতের অনুভূতি বিরাজমান থাকতে পারে বলে জানানো হয়েছে। এই একই কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হওয়ার বিষয়েও সতর্ক করা হয়েছে।

ঢাকার কারওয়ান বাজার এলাকায় অফিসগামী ওয়াহিদ সুজন বণিক বার্তাকে জানান, ডিসেম্বরের মাঝামাঝিতে মনে হচ্ছিল অনেক শীত পড়বে। যদিও তেমনটা হয়নি। তবে নতুন বছরের শুরুতে যে শৈত্যপ্রবাহ পড়েছে, তাতে ইংরেজি নববর্ষের আমেজ বাড়লেও অফিসগামীরা কিছুটা দুর্ভোগে পড়েছেন। শীতের এই তীব্রতা ছিন্নমূল ও নিম্নআয়ের মানুষের জন্য বিশেষ কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে।

কর্মব্যস্ত শহরে শীতের সকালের আমেজ উপভোগের সুযোগ কম বলে জানান অফিসগামী মঞ্জুরুল ইকরাম। বণিক বার্তাকে তিনি জানান, উত্তরা থেকে কারওয়ান বাজার আসার পুরো পথেই দেখা গেছে কুয়াশা। পথে যান চলাচলও অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম ছিল। রাস্তার পাশে আগুন ধরিয়ে ছিন্নমূলদের শীত নিবারণের চিত্রও চোখে পড়েছে বলে তিনি জানান।