নতুন করে ১৫৮ সদস্যের সমন্বয়ক দল গঠন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গতকাল সকালে সমন্বয়ক রিফাত রশিদের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সমন্বয়ক দলের পরিধি আরো বাড়তে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নির্মমভাবে চালানো গণহত্যার বিচার, দায়ীদের পদত্যাগ ও গ্রেফতারকৃতদের মুক্তির দাবিতে সারা দেশে আন্দোলনরত শিক্ষার্থী-প্রতিনিধিদের নিয়ে ১৫৮ সদস্যবিশিষ্ট সমন্বয়ক টিম গঠন করা হলো।’ 

এ কমিটিতে সমন্বয়ক রয়েছেন ৪৯ জন। সহসমন্বয়ক রয়েছেন ১০৯ জন। সমন্বয়ক কমিটিতে যাদের নাম রয়েছে তারা সবাই ঢাকাসহ দেশের প্রথম সারির বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। নতুন কমিটিতে ১ নম্বর সমন্বয়ক হিসেবে রয়েছেন নাহিদ ইসলাম। এরপর রয়েছেন সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, আসিফ মাহমুদের নাম।