বৈদ্যুতিক পাখার সংযোগ দিতে গিয়ে বিদ্যুত্‍স্পৃষ্ট  হয়ে স্ত্রী নাছিমা আক্তার (২৭) ও তাকে বাঁচাতে গিয়ে স্বামী নুর হোসেনের (৪১) মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার সন্ধ্যার পর ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ইচাইল গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যার পর ইচাইল গ্রামের নূর হোসেন মেশিনে ধান ভাঙিয়ে চাল করে বাড়ি নিয়ে আসেন। চালের কুড়া পরিষ্কার করতে একটি মাল্টিপ্লাগে বৈদ্যুতিক পাখার সংযোগ দিতে গিয়ে বিদ্যুত্‍স্পৃষ্ট  হন স্ত্রী নাছিমা আক্তার। তাকে বাঁচাতে গিয়ে স্বামী নুর হোসেনও বিদ্যুত্‍স্পৃষ্ট  হন। পরে ফুলবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ময়মনসিংহে গৃহবধূ হত্যার অভিযোগ:

ময়মনসিংহ নগরীর চরপাড়া কপিক্ষেত এলাকায় সানজিদা আক্তার রেমি নামের গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। সে নগরীর ভাটি কাশর এলাকার বাসিন্দা মো. এমদাদুল হকের মেয়ে। গতকাল সকালে এ ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। নিহত সানজিদার চাচা আবেদ হোসেন জানান, এক বছর আগে সানজিদার সঙ্গে চরপাড়া এলাকার ইলেকট্রিশিয়ান শুভর বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী শুভ (২২) যৌতুকের জন্য সানজিদাকে শারীরিক ও মানসিক নির্যাতন করত। যৌতুকের জন্যই রেমিকে হত্যা করা হয়েছে।