সংবাদ মাধ্যমে দুর্নীতি অনিয়মের খবর প্রকাশের প্রতিবাদে মানববন্ধন করেছেন টাঙ্গাইলের কালিহাতীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। গতকাল সোমবার (২২ জুন) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইদুর রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে তারা এ মানববন্ধন করেন। এসময় সামাজিক দূরত্ব না মেনে তাদের গা ঘেঁষাঘেষি করে দাঁড়ানো নিয়ে এলাকায় বেশ আলোচনা সমালোচনা চলছে।
জানা যায়, কালিহাতীর সালেংকা গ্রামের আবু মুহাম্মদ জিন্নাহ নামের এক ব্যক্তির উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে ২৮ লাখ টাকার দুর্নীতির অভিযোগ এনে দুর্নীতি দমন কমিশন (দুদক), টাঙ্গাইলের সমন্বিত কার্যালয়ে গত ১৭ জুন একটি লিখিত আবেদন করেন। এর সূত্র ধরে ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি গণ্যমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। এতে ক্ষুব্ধ হন ডা. সাইদুর রহমান। এমনকি স্বাস্থ্যকর্মীদের দিয়ে মানববন্ধন করান তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্বাস্থ্যকর্মী বলেন, আমাদেরকে মিটিংয়ের কথা বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে মানববন্ধনে অংশগ্রহণ করানো হয়। বেলা ১টায় হলেও স্বাস্থকর্মীরা সকাল থেকেই আসতে শুরু করেন। উপজেলার স্বাস্থ্য বিভাগের স্থানীয় কয়েকজন নেতার সঙ্গে আলোচনা করে মানববন্ধনের সিদ্ধান্ত নেন স্বাস্থ্য কর্মকর্তা।
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইদুর রহমান সাংবাদিকদের বলেন, আমাকে ঘিরে মিথ্যা সংবাদের প্রতিবাদে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা মানবন্ধন করেছেন । অনেক লোকের সামগম হওয়ায় সামাজিক দূরত্ব বজায় নাও থাকতে পারে ।
স্বাস্থ্যকর্মীদের ডেকে এনে পুরো উপজেলার স্বাস্থ্য সেবা বন্ধ রেখে মানববন্ধন করা ঠিক কিনা, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, বেলা ১টায় মানবন্ধন হয়েছে। সেবা কার্যক্রম বন্ধ ছিল না।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বলেন, আমাকে জানিয়ে মানববন্ধনটি করা হয়নি। সামাজিক দূরত্ব না মেনে ও সেবা বন্ধ রেখে মানববন্ধন হয়ে থাকলে সেটা ঠিক হয়নি। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।









