বার্ষিক শিক্ষা প্রতিষ্ঠান জরিপ-২০২৬ উপলক্ষে সঠিক, নির্ভরযোগ্য ও হালনাগাদ তথ্য প্রদান এবং জরিপ কার্যক্রম সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মৌলভীবাজারে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) পরিচালক মোহাম্মদ মশিউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আসমা সুলতানা নাসরীন এবং জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফজলুর রহমান। কর্মশালায় জেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষকরা অংশ নেন।
প্রধান অতিথি বলেন, দেশের প্রাথমিকোত্তর শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষাসংক্রান্ত তথ্য ও পরিসংখ্যান সংগ্রহ, সংকলন এবং সরবরাহের দায়িত্বপ্রাপ্ত একমাত্র সরকারি সংস্থা ব্যানবেইস। শিক্ষা পরিকল্পনা, নীতি প্রণয়ন এবং নীতিনির্ধারকদের জন্য নির্ভুল তথ্য সরবরাহে প্রতিষ্ঠানটি কাজ করছে।
তিনি বলেন, টেকসই উন্নয়ন অভীষ্টের (এসডিজি-৪) অগ্রগতি মূল্যায়নসহ বিভিন্ন প্রয়োজনে নির্ভরযোগ্য ও হালনাগাদ তথ্য নিশ্চিত করতে ব্যানবেইস প্রতিবছর অনলাইন সফটওয়্যারের মাধ্যমে দেশের সব প্রাথমিকোত্তর শিক্ষাপ্রতিষ্ঠান থেকে তথ্য সংগ্রহ করে ডাটাবেস হালনাগাদ করে।
তিনি আরো জানান, এ বছরও দেশের সব প্রাথমিকোত্তর শিক্ষা প্রতিষ্ঠানের তথ্যসংগ্রহ কার্যক্রম সেপ্টেম্বর-অক্টোবর ২০২৬ এ পরিচালিত হবে।










