চার জেলায় সড়ক দুর্ঘটনায় সাতজনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে টাঙ্গাইলে তিনজন, ময়মনসিংহে দুজন, ব্রাহ্মণবাড়িয়া ও ফরিদপুরে একজন করে নিহত হয়েছেন। গতকাল দিনের বিভিন্ন সময় এসব দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে-
টাঙ্গাইল: গতকাল দুপুরে কাঁচামাল ব্যবসায়ী মমিনুর রহমান মমিন (৪৫) কালিহাতী উপজেলার জোকারচর থেকে মালপত্র নিয়ে ব্যাটারিচালিত ভ্যানে করে হাতিয়া হাটে যাচ্ছিলেন। ভ্যানটি সল্লা চরপাড়ায় পৌঁছলে হানিফ পরিবহনের একটি বাস পেছন থেকে চাপা দেয়। ঘটনাস্থলেই ভ্যানচালক আব্দুস সাত্তার (৪০) ও মমিন মারা যান। এতে আহত হয়েছেন দুজন। আব্দুস সাত্তার উপজেলার গোহালিয়াবাড়ীর শুকুর আলীর ছেলে এবং মমিন একই উপজেলার কুর্শাবেনু গ্রামের আব্দুল হকের ছেলে।
অন্যদিকে একই দিন সকালে ঘাটাইল উপজেলার সালেংকা মোড়ে ড্রাম ট্রাকের ধাক্কায় টিটু খাঁ (৬০) নামে অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো দুজন। টিটু খাঁ ঘাটাইলের লোকেরপাড়া ইউনিয়নের মৃত হিটলার খাঁর ছেলে।
স্থানীয়রা জানান, টিটু খাঁ ও কয়েকজন ব্যক্তি তাদের এক আত্মীয়ের জানাজায় যোগ দিতে অটোরিকশা নিয়ে উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের নাটশালা গ্রামে যাচ্ছিলেন। সালেংকা মোড়ে পৌঁছলে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই টিটু মারা যান।
ময়মনসিংহ: মিল শ্রমিক আসমা খাতুন ও তার বোন শিরিনা খাতুন এবং অজুফা খাতুনসহ কয়েকজন মিল শ্রমিক গতকাল ব্যাটারিচালিত অটোরিকশায় করে কর্মস্থলে যাচ্ছিলেন। ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে মিনি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই আসমা ও শিরিনা মারা যান। এ সময় তাদের অন্য বোন অজুফা খাতুন, অটোরিকশাচালক জুলহাস এবং অন্য যাত্রী মুর্শেদা খাতুনসহ বেশ কয়েকজন আহত হন। নিহতরা ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামের বঙ্গারভিটার আসাদ আলীর মেয়ে।
ভালুকার মডেল থানার এসআই মো. নজরুল ইসলাম জানান, নিহত দুই বোন মিলের শ্রমিক ছিলেন। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া: সরাইলে ট্রাক্টরচাপায় আব্দুর রাহিম (৫৫) নামে এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। গতকাল দুপুরে নাসিরনগর-লাখাই সড়কের সরাইল গরু বাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে। আব্দুর রাহিম উপজেলা সদরের বড্ডাপাড়ার মৃত আব্দুল আহাদের ছেলে। তিনি স্থানীয় রাহমাতুল্লাহ আল-আমিন মাদ্রাসার শিক্ষক ছিলেন।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, বালিবাহী একটি ট্রাক্টরচাপায় নিহত হয়েছেন আব্দুর রাহিম। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার পর ট্রাক্টর রেখে চালক পালিয়ে গেছেন।
ফরিদপুর: সালথায় ট্রাকের নিচে চাপা পড়ে নির্মলা রানী (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল বিকালে সালথা সদর বাজারের স্কুল রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নির্মলা রানী সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের মৃত বিনয় কুমার পতনদারের স্ত্রী।
নিহতের পরিবার জানায়, নির্মলা রানী নাতির মোটরসাইকেলে উপজেলার আটঘর ইউনিয়নের চাউলিয়ায় মেয়ের বাড়ি যাচ্ছিলেন। সালথা সদর বাজার পার হওয়ার পর স্কুল রোড এলাকায় পৌঁছলে পেছন থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের ওপর উঠে যায়। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তিনি মারা যান।










