ময়মনসিংহের ভালুকায় গাঁজাবাহী ট্রাক আটক করতে গিয়ে সেই ট্রাকচাপায় ইদ্রিস আলী মোল্লা নামের এক র্যাব সদস্য নিহত হয়েছেন। গতকাল দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার সিডস্টোর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইদ্রিস মানিকগঞ্জের কেল্লাই গ্রামের ইমান আলী মোল্লার ছেলে। তিনি পুলিশ কনস্টেবল থেকে দুই বছর আগে র্যাবে যোগদান করেন।
র?্যাব-১-এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ বলেন, টঙ্গী থেকে মাওনায় গাঁজাবাহী একটি ট্রাকের চালান যাচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে গাজীপুরের পোড়াবাড়ীর র?্যাব-১-এর ক্যাম্পের সামনে চেকপোস্ট বসিয়ে গাঁজা বহনকারী ট্রাক থামানোর সংকেত দেয় র্যাব। এ সময় চালক ট্রাকটি না থামিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এরপর ট্রাকটিকে আটকের জন্য মোটরসাইকেল নিয়ে র্যাব সদস্য ইদ্রিস মোল্লা ও সিনিয়র ডিএডি গোলাম মোস্তফা ধাওয়া করতে থাকেন। পরে গাজীপুরের বাঘেরবাজারে পৌঁছানোর পরই ট্রাকের পেছন থেকে একটি গাঁজাভর্তি বস্তা ফেলে দেয়া হয়। এ সময় সিনিয়র ডিএডি গাঁজার বস্তাটি উদ্ধার করার জন্য মোটরসাইকেল থেকে নেমে পড়েন। তবে ইদ্রিস আলী ট্রাকটিকে ধাওয়া করতে থাকেন। ট্রাকটি ময়মনসিংহের ভালুকা উপজেলার সিডস্টোর এলাকায় কোকাকোলা কোম্পানির সামনে পৌঁছালে ইদ্রিস আলী মোটরসাইকেল দিয়ে ট্রাকের সামনে দাঁড়িয়ে ব্যারিকেড দেন। তখন ট্রাকচালক মোটরবাইকটিকে চাপা দিয়ে চলে যায়। এতে ইদ্রিস ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভালুকা হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ জহির উদ্দিন মো. তৈমুর আলী জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘাতক ট্রাকটিকে জব্দ করেছে। ট্রাকচালক পালিয়ে যায়।









