বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট (সাবেক টুইটার) হ্যাকের ঘটনায় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার পদের এক কর্মকর্তাকে হেফাজতে নিয়েছে পুলিশ। তার নাম মোহাম্মদ ছরওয়ারে আলম। বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা এ তথ্য জানায়।
ডিএমপি জানায়, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজারবাগ পুলিশ লাইনস অডিটোরিয়ামের পূর্ব পাশের সরকারি কোয়ার্টার থেকে ছরওয়ারে আলমকে আটক করা হয়। তার মুঠোফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে।
জিজ্ঞাসাবাদ শেষে সিদ্ধান্ত নেয়ার কথা জানান ডিএমপির ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। তিনি বলেন, জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় ছরওয়ারে আলম নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তার ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।
এর আগে গত শনিবার বিকেলে জামায়াতের আমিরের এক্স হ্যান্ডল থেকে ইংরেজিতে একটি পোস্ট দেয়া হয়। পোস্টের একটি অংশে লেখা হয়, আমরা বিশ্বাস করি, যখন নারীদের আধুনিকতার নামে ঘর থেকে বের করা হয়, তখন তারা শোষণ, নৈতিক অবক্ষয় এবং নিরাপত্তাহীনতার মুখোমুখি হন। এটি অন্য কিছু নয়; বরং পতিতাবৃত্তির অন্য একটি রূপ।










