রাজশাহীর চারঘাটে কলাবাগানে চোরের হাতে প্রাণ হারিয়েছেন আবদুল মান্নান (৬০) নামের এক কলাচাষী। শুক্রবার রাতে উপজেলার শলুয়া ইউনিয়নের কানজগাড়ী এলাকার নিজ কলাবাগান থেকে ওই চাষীর মরদেহ উদ্ধার হয়।
নিহত আবদুল মান্নান ওই গ্রামের মৃত করিম মণ্ডলের ছেলে। শলুয়া ইউনিয়নের মালেকার মোড়ে তার ওষুধের দোকান রয়েছে। পেশায় পল্লী চিকিৎসক আবদুুল মান্নান দীর্ঘদিন কলা চাষে যুক্ত ছিলেন।
চারঘাট মডেল থানার ওসি
জাহাঙ্গীর আলম জানান, শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে কলাবাগানে মরদেহ পড়ে থাকার খবর আসে। ওসি বলেন, বেশ কয়েকদিন ধরেই আব্দুল মান্নানের বাগান থেকে কলা চুরি হচ্ছিল বলে জানিয়েছেন স্বজনরা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সংঘবদ্ধ কলাচোরদের হাতে তিনি প্রাণ হারিয়েছেন। হয়তো কলাচোরদের দেখে ফেলায় এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।










