পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে এটিই তার প্রথম সিঙ্গাপুর সফর। এছাড়া গত ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর এটি তার মন্ত্রিসভার কোনো সদস্যের প্রথম সরকারি সিঙ্গাপুর সফর।
সফরকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুলকারনিয়ান বিন আবদুল রহিম ও জনশক্তিবিষয়ক প্রতিমন্ত্রী দিনেশ ভাসু দাশের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া তিনি সিঙ্গাপুরের শীর্ষস্থানীয় বন্দর ব্যবস্থাপনা প্রতিষ্ঠান পিএসএ ইন্টারন্যাশনাল ও সে দেশের অন্যতম আধুনিক বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র টুয়াসওয়ান পরিদর্শন করবেন।
সিঙ্গাপুরে প্রায় দেড় লাখ বাংলাদেশী নাগরিক বসবাস করেন, যারা তাদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা দেশে পাঠানোর মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাদের এ অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে দেশের অন্যতম জনপ্রিয় দৈনিক সংবাদপত্র বণিক বার্তা আজ সিঙ্গাপুরে ‘রেমিটার্স সম্মাননা ২০২৬’ অনুষ্ঠানের আয়োজন করবে, যেখানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধান অতিথি থাকবেন।
নতুন সরকারের পক্ষ থেকে সিঙ্গাপুরে এটি প্রথম উচ্চপর্যায়ের সফর। এ সফরের মাধ্যমে বাংলাদেশ-সিঙ্গাপুর দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন গতি লাভ করবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ, বন্দর ও লজিস্টিকস সহযোগিতা, প্রযুক্তি, জনশক্তি এবং টেকসই উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতা আরো সম্প্রসারিত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।










