দেশে একদিকে হামের সংক্রমণ, অন্যদিকে ডেঙ্গুর বিস্তার বাড়ায় স্বাস্থ্য ঝুঁকি আরো তীব্র হয়ে উঠেছে। শুক্রবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আট শিশুর মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ছয়জন।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, এ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে যাদের মৃত্যু হয়েছে তারা সবাই ঢাকা বিভাগের। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ১ হাজার ২০ জন। আর নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০২ জনের। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১২২-এ।

এখন পর্যন্ত হামের উপসর্গে প্রাণহানির মধ্যে সবচেয়ে বেশি ৪৬৩ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১৭৯ জন। এছাড়া রাজশাহীতে ৯৩, চট্টগ্রামে ৮৬, ময়মনসিংহে ৮০, বরিশালে ৬০, খুলনায় ৪৪ ও রংপুর বিভাগে ১৫ জন মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, ২৪ ঘণ্টায় সারা দেশে আরো ১ হাজার ১০৯ জনের শরীরে হামের উপসর্গ দেখা দেয়ার তথ্য পাওয়া গেছে। এ নিয়ে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেয়া রোগীর সংখ্যা হয়েছে ১ লাখ ৯৫ হাজার ১৯৭।

এছাড়া ২৪ ঘণ্টায় নিশ্চিত হামের রোগী শনাক্তের সংখ্যা ৪৩। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ২১ হাজার ৬৬৬ রোগীর শরীরে হাম শনাক্ত হয়েছে।

বুলেটিনে আরো বলা হয়, একদিনে দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৩ জন ভর্তি হয়েছে। হামের উপসর্গ নিয়ে নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ভর্তি ২৯৯ জন। এছাড়া চট্টগ্রামে ২২৪, সিলেটে ১৫৮, বরিশালে ১৩৮, খুলনায় ৭৩, ময়মনসিংহে ৪৯, রাজশাহীতে ২৫ ও রংপুরে ৩৩ জন ভর্তি হয়েছে।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৩ হাজার ২৪-এ। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৬৭ হাজার ৭৫৬ জন।

এদিকে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে যারা মারা গেছে তাদের মধ্যে দুজন করে ঢাকা দক্ষিণ সিটি ও রাজশাহী বিভাগের। এ সময়ে বরিশাল ও খুলনা বিভাগে মারা গেছে একজন করে। তাদের মধ্যে পাঁচজন পুরুষ ও একজন নারী।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৬০৮ জন। নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) হাসপাতালগুলোতে আছে ১৭১ জন, আর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার হাসপাতালগুলোতে ২২৩ জন ভর্তি হয়েছে।

এছাড়া ঢাকা বিভাগের (সিটি করপোরেশন বাদে) অন্যান্য জেলার হাসপাতালগুলোতে নতুন করে ডেঙ্গু রোগী এসেছে ১৩১ জন। আর চট্টগ্রাম বিভাগে ৩১৯, খুলনা বিভাগে ২৭৬, রাজশাহী বিভাগে ১৩২, বরিশাল বিভাগে ২১৫, ময়মনসিংহ বিভাগে ৭৯ ও রংপুর বিভাগে ৬২ জন নতুন রোগী ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৮৪ হাজার ৩৬৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এখন পর্যন্ত এ রোগে মারা গেছে ২৫৬ জন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৫ হাজার ৬৩১ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৭৮ হাজার ৪৮২ জন।