সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে গতকাল প্রথম ম্যাচে বাংলাদেশকে ৪৫ রানে হারাল সফরকারী ভারত। টস জিতে ব্যাটিং করতে নেমে বাংলাদেশের বোলারদের প্রতিরোধের মুখে ৭ উইকেটে ১৪৫ রান তোলে ভারতের নারীরা। রান তাড়া করতে নেমে ভারতকে চ্যালেঞ্জ জানাতে ব্যর্থ স্বাগতিকরা ৮ উইকেটে ১০১ রান তুলতে সমর্থ হয়। ৫১ রানের ইনিংস খেলেও বাংলাদেশ দলনায়ক নিগার সুলতানা পরাজিত দলে।
১৯ বছর বয়সী ডানহাতি লেগস্পিনার রাবেয়া খান (৩/২৩) ও আরেক ১৯ বছর বয়সী পেসার মারুফা আক্তার (২/১৩) দারুণ বোলিংয়ে ভারতকে বড় সংগ্রহ গড়তে দেননি। সফরকারী দলের হয়ে ইয়াস্তিকা ভাটিয়া ২৯ বলে ৩৬, শেফালি ভার্মা ২২ বলে ৩১, অধিনায়ক হারমানপ্রিত কাউর ২২ বলে ৩০ ও রিচা ঘোষ ১৭ বলে ২৩ রান করেন।
তৃতীয় ওভারের পঞ্চম বলে তারকা ব্যাটার স্মৃতি মান্ধানাকে বোল্ড করে বাংলাদেশকে প্রথম সফলতা এনে দেন পেসার ফারিহা তৃষ্ণা। এ মাসের শুরুর দিকে অস্ট্রেলিয়ার সঙ্গে টি-টোয়েন্টি ম্যাচে ১৯ রানে হ্যাটট্রিকসহ চার উইকেট নিয়েছিলেন ফারিহা। আজ শুরুটা ভালো করেও পরে আর উইকেট নিতে পারেননি তিনি।
বোলাররা লড়াই করার মতো ভিত গড়ে দিলেও তা কাজে লাগিয়ে দলকে জেতাতে পারেননি ব্যাটাররা। ৩০ রানে ৪ উইকেট হারানো লাল-সবুজ জার্সিধারীরা শেষ পর্যন্ত ১০১ রান তুলতে পেরেছে অধিনায়কের লড়াইয়ে। ৪৮ বলে ৫টি চার ও ১টি ছক্কায় ৫১ রান করেন নিগার। যদিও তার এ লড়াই বিফলেই যায়। আগামীকাল একই মাঠে সিরিজের দ্বিতীয় ম্যাচ।










