নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুর এলাকার জোড়া খুন মামলার দুই আসামিকে পাঁচ বছর পর গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন (পিবিআই)। গত বুধবার (১২ জানুয়ারি) বাপ্পি সিকদার এবং রোববার (১৬ জানুয়ারি) আমান ভুঁইয়াকে গ্রেফতার করে পিবিআই। নারায়ণগঞ্জের বন্দর উপজেলা ঘাড়মোড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার আমান ভুঁইয়া হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করলে দুজনকেই কারাগারে পাঠানো হয়। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় অবস্থিত পিবিআইয়ে সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন এসপি মনিরুল ইসলাম।

তিনি বলেন, মাদক ব্যবসার নিয়ন্ত্রণ, চাঁদাবাজির টাকার ভাগ-বাটোয়ারা এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এই বিরোধের জের ধরে ২০১৭ সালের ১২ অক্টোবর একটি গ্যারেজে খুন হন তুহিন হাওলাদার মিল্টন ও পারভেজ। বাপ্পি সিদবার ও আমান ভুঁইয়ার নেতৃত্বে এ হত্যাকাণ্ডে অংশ নেন ২০-২২ জন। পরে লাশ বিকৃত করার জন্য গ্যারেজে আগুন ধরিয়ে দেন তারা।

এ ঘটনায় ভুক্তভোগীদের পরিবার ভয়ে মামলা না করলে পুলিশ বাদী হয়ে ২২ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করে। হত্যাকাণ্ডের পর থেকেই পলাতক ছিলেন আসামি বাপ্পি সিকদার ও আমান ভুঁইয়া।

মামলাটি পিবিআইয়ের কাছে এলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাকিল তথ্য প্রযুক্তির সহায়তায় নিয়ে চলতি মাসের ১২ জানুয়ারি বন্দরের ঘাড়মোড়া এলাকা থেকে  বাপ্পি সিকদারকে এবং ১৬ জানুয়ারী আমান ভুইয়াকে গ্রেফতার করেন। পরে আমান ভুঁইয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুনাহারের আদালতে ১৬৪ ধারয় হত্যার দায় স্বীকার করে জবানবন্দি প্রদান করেন।