রাজশাহীর গোদাগাড়িতে পণ্যবাহী ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা পৌনে ৩টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের বসন্তপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাজশাহী নগরীর লক্ষ্মীপুর এলাকার মোহাম্মদ আলী বকুলের ছেলে ইজাজ আহমেদ (২০) ও নগরীর হড়গ্রাম শেখপাড়া এলাকার বাইদুল ইসলামের ছেলে জাহিদ হাসান (২০)। রাজশাহীর একটি নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন তারা।

এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন। তারা হলেন- নগরীর ভাটাপাড়া এলাকার নূরুল ইসলামের ছেলে রফিউল ইসলাম রাফি (২০) ও নগরীর হড়গ্রাম এলাকার নূরুল ইসলামের ছেলে নাজমুল ইসলাম (১৮)। এদের মধ্যে রাফির অবস্থা আশঙ্কাজনক। দুজনই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকর্মীদের নিয়ে ঘটনাস্থলে যান গোদাগাড়ি ফায়ার স্টেশনের স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম। তিনি জানান, দুর্ঘটনাস্থল ফায়ার স্টেশন থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে। উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দুজনের মরদেহ পেয়েছেন। দুর্ঘটনায় আরো দুজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয়রা রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠিয়েছেন।

খবর পেয়ে ঘটনাস্থলে গেছেন গোদাগাড়ি মডেল থানার উপ-পরিদর্শক শিবলি নোমান। তিনি বলেন, হতাহতরা রাজশাহী নগরীর একটি নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী। তারা রাজশাহী নগরী থেকে পাঁচটি মোটরসাইকেলে গোদাগাড়ির গোপলপুরের হোটেলে খেতে যাচ্ছিলেন। পথে বসন্তপুর এলাকায় রাজশাহীগামী একটি ট্রাক সামনের দুটি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত হন আরো দুজন। তাদের রামেক হাসপাতালে নেয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, চলন্ত ট্রাকটির চাকা ফেটে যাওয়ায় চালক নিয়ন্ত্রণ হারান। ওই সময় মোটরসাইকেলগুলো সামনে চলে আসায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ট্রাকচালক ও তার সহকারি পালিয়ে গেছেন। এ নিয়ে পুলিশ আইনত ব্যবস্থা নিচ্ছে বলে জানান এসআই শিবলি নোমান।