দেশের ১৬ জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে আগামী পাঁচ দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। এতে আগামীকাল সোমবার (২৯ জুলাই) থেকে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার আভাস দিয়েছে সংস্থাটি।
আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান খান বলেন, দেশের টাঙ্গাইল, কিশোরগঞ্জ, রাজশাহী ও বগুড়া জেলাসহ রংপুর ও সিলেট বিভাগের ১২টি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে আগামীকাল থেকে তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। এর ফলে সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
আবহাওয়া অফিস বলছে, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেটের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।










