দেশে কর্মরত বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর সমন্বয়কারী প্রতিষ্ঠান এডাব (এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ) এর ৪৫-তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) মিরপুরে হীড বাংলাদেশ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এডাব চেয়ারপারসন জনাব আনোয়ার হোসেন। বার্ষিক সাধারণ সভায় সারা দেশ থেকে প্রায় দুই শতাধিক সদস্য অংশ নেন।

সভার শুরুতে এডাব-এর চেয়ারপারসন স্বাগত বক্তব্য দেন। সভায় ৪৪ তম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী বার্ষিক প্রতিবেদন, আর্থিক প্রতিবেদন, অডিটর নিয়োগ, পরবর্তী অর্থ বছরের (জুলাই ২০২৫ থেকে জুন ২০২৬) বাজেট ও কর্ম পরিকল্পনা সকলের সামনে উপস্থাপন ও অনুমোদনের জন্য পেশ করা হয়। এডাব এর সদস্যদের সহযোগিতায় নিজস্ব স্থায়ী অবকাঠামো তৈরীর সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় বিগত এক বছরে সরকারের সঙ্গে অ্যাডভোকেসির ফলে অর্জিত উল্লেখযোগ্য ফলাফল তুলে ধরা হয়। এর মধ্যে এনজিওদের পার্টনারশিপে এনজিও ব্যুরোর রেজিস্ট্রেশনের কতিপয় বাধ্যবাধকতা উঠিয়ে নেয়া, ২০ দিনের মধ্যে প্রত্যয়নপত্র প্রাপ্তি, কমিটি’র সদস্যদের রাজনৈতিক পরিচয় ঘোষণার নীতি ওঠিয়ে নেয়া, কারণ দর্শানো ছাড়া অর্থছাড় রহিত করা যাবে না- এ পরিবর্তন সম্বলিত এনজিও ব্যুরোর পরিপত্র ঘোষণা উল্লেখযোগ্য।

পাশাপাশি, এনজিওদের অডিট ফি কমানো, কার্যক্রম করতে ইতিবাচক পরিবেশ আনয়নে পিকেএসএফ, এম আরএ, এনজিওব্যুরো, সরকার ও দাতা সংস্থার সঙ্গে আরো অ্যাডভোকেসি, লবিং করার ওপর জোর দেয়া হয়। এছাড়া, বড় এনজিও ছোট এনজিওকে সঙ্গে নিয়ে কাজ করা; সিএসআর ফান্ড পেতে সরকারের সঙ্গে লবিংসহ বিভিন্ন ব্যাংক শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ে দেন-দরবার করা, এআই-এর ব্যবহারকে শক্তিশালী করা; প্লাস্টিক বর্জন, মাদক, ডেঙ্গু, জলবায়ু পরিবর্তনসহ জনগুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে কাজ করার গুরুত্ব তুলে ধরা হয়।

সভায় উপস্থিত সদস্যরা পরিবর্তীত পরিস্থিতি বিবেচনায় সার্বিক উন্নয়ন কৌশল নির্ধারণ করে স্থানীয়-কেন্দ্রীয় সমন্বয়ের মাধ্যমে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করেন।