রাজনৈতিক প্রতিহিংসার কারণে কেউ যেন অন্যায়ভাবে কারাগারে আটক না থাকে, সেটা অবশ্যই বর্তমান সরকার নিশ্চিত করবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
বাংলাদেশে অনির্দিষ্টকাল ধরে রাজনৈতিক প্রতিপক্ষের ব্যক্তিরা বিনা বিচারে কারাগারে আটক রয়েছে- এমন উদ্বেগ প্রকাশ করে গতকাল সোমবার বিবৃতি দিয়েছিল হিউম্যান রাইটস।
এ বিষয়ে প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, গত ১৭ বছরে যে ধরনের মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, বাংলাদেশের ইতিহাসে কখনোই এ ধরনের মানবাধিকার লঙ্ঘন হয়নি। সবচেয়ে বড় ভিকটিম হচ্ছে বিএনপি ও তার নেতাকর্মীরা। সুতরাং আমরা কখনোই চাইবো না বর্তমানে বা ভবিষ্যতে আমাদের গত ফ্যাসিস্ট আমলটা ফেরত আসুক।
জুলাই গণঅভ্যুত্থানের পরে হওয়া মামলাগুলো রিভিউ করার বিষয়ে তিনি বলেন, আমরা চাই মিনিমাম মানবাধিকার যেন প্রত্যেকটা নাগরিককে নিশ্চিত করা হয়। আইনমন্ত্রীও বলেছেন, জুলাই-আগস্টে যে অভ্যুত্থানটা হয়েছে, অনেক মামলা হয়েছে, যেসব মামলাগুলো লিগ্যাল, যেগুলো হওয়া উচিত ছিল, খুনিদের নামে মামলা হয়েছে, যারা গুম খুনের অর্ডার দিয়েছে- তাদের নামে মামলা হয়েছে। আবার অতি উৎসাহী হয়েও অনেকে অনেক মামলা করেছে। আইন মন্ত্রণালয় বলেছে, সে মামলাগুলোও রিভিউ করবে। মামলাগুলোর মধ্যে যদি কোন সত্যতা না পায় বা না থাকে, সে মামলাগুলো রিভিউ করে ব্যবস্থা নেবে, আইন মন্ত্রণালয় থেকে পরিষ্কার করে বলেছে।
প্রতিমন্ত্রী বলেন, আমাদের সরকারের অবস্থান হচ্ছে, মানবাধিকার রক্ষায় আমরা সচেষ্ট আছি। জনগণের কাছে আমরা দায়বদ্ধ। বিরোধী দল, আওয়ামী লীগ, আর যে দলই হোক, রাজনৈতিক প্রতিহিংসার কারণে কেউ যেন অন্যায়ভাবে কারাগারে আটক না থাকে, সেটা অবশ্যই বর্তমান সরকার নিশ্চিত করবে।










