নেপালের উত্তরাঞ্চলে আকস্মিক ভয়াবহ বন্যা ও ভূমিধসে শত শত মানুষের প্রাণহানি এবং ব্যাপক সম্পদ ও অবকাঠামো ধ্বংসের ঘটনায় শোক জানিয়েছে বাংলাদেশ। সরকার ও জনগণের পক্ষ থেকে নেপাল সরকার ও দেশটির জনগণের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
আজ মঙ্গলবার ঢাকায় নেপাল দূতাবাসে বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাখা শোক বইয়ে স্বাক্ষর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
শোক বইয়ে তিনি লেখেন, বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে ২৬ আগস্ট ২০২৬ নেপালের উত্তরাঞ্চলে আকস্মিক ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনায় শত শত মানুষ, যার মধ্যে পর্যটকরাও রয়েছেন, প্রাণ হারানো এবং ব্যাপক সম্পদ ও অবকাঠামো ধ্বংসের ঘটনায় নেপাল সরকার ও বন্ধুত্বপূর্ণ নেপালের জনগণের প্রতি আমাদের আন্তরিক সহানুভূতি ও সমবেদনা জানাচ্ছি।
তিনি আরো লেখেন, গভীর শোকের এ সময়ে এ ভয়াবহ ঘটনায় ক্ষতিগ্রস্ত সবার প্রতি আমাদের আন্তরিক চিন্তা ও প্রার্থনা রয়েছে। বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ নেপালের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করছে এবং প্রয়োজন অনুযায়ী যেকোনো ধরনের সহায়তা দিতে প্রস্তুত।
নেপালের জনগণের ঘুরে দাঁড়ানোর সক্ষমতার ওপর আস্থা প্রকাশ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী লেখেন, আমরা যখন একসঙ্গে দাঁড়িয়েছি, তখন আমরা আত্মসংযম ও দৃঢ়তার সঙ্গে চ্যালেঞ্জ মোকাবেলা করে নেপালের জনগণ ঘুরে দাঁড়াতে সক্ষম হবে বলে আত্মবিশ্বাসী।










