বাগেরহাটের পূর্ব সুন্দরবন থেকে তিন হরিণ শিকারিকে আটক করেছে বনবিভাগ ও কোস্টগার্ড। গতকাল রোববার দিবাগত রাতে পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের পক্ষীদিয়া চর এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি ট্রলার, ৫০টি ফাঁদ, ২ হাজার মিটার সানদিয়া জালসহ সরমঞ্জাদি উদ্ধার করা হয়।
আজ সোমবার দুপুরে আটককৃতদের বাগেরহাট আদালতে প্রেরণ করা হলে বিচারক তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
আটককৃতরা হলো, বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার গাববাড়িয়া গ্রামের সাইদ মাতবরের ছেলে মিরাজ (৩০), তাফালবাড়ি গ্রামের আবুল কালামের ছেলে হাকিম (২০) ও গাবগাছিয়া গ্রামের শাহজাহান খানের ছেলে মুছা (২৮)।
সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, রোববার রাতে পক্ষিদিয়া চর এলাকায় হরিণ শিকারিরা অবস্থান নিয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বনবিভাগ ও কোস্টগার্ড যৌথ অভিযান পরিচালনা করে। এসময় তাদের চ্যালেঞ্জ করলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ট্রলারটি তল্লাশি করে ৫০টি ফাঁদ, দেশীয় ধারালো অস্ত্র, দুই হাজার মিটার সানদিয়া জালসহ সরমঞ্জাদি উদ্ধার করা হয়।
এ ঘটনায় বনে অবৈধ অনুপ্রবেশ ও বন্যপ্রাণী শিকার আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের সোমবার দুপুরে বাগেরহাট আদালতে প্রেরণ করা হলে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।









