তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে ক্যারিয়ার গড়ার লক্ষ্য নিয়ে আয়োজিত বিডিজবস আইটি ও কৃত্রিম বুদ্ধিমত্তা চাকরি মেলায় হাজারো চাকরিপ্রত্যাশীর সমাগম হয়েছে। আজ রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে আয়োজিত এ মেলায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সদ্য স্নাতক ও অভিজ্ঞ পেশাজীবীরা অংশ নেন।
দেশের শীর্ষ চাকরিভিত্তিক প্লাটফর্ম বিডিজবস ডট কমের আয়োজনে অনুষ্ঠিত এ মেলায় শতাধিক প্রতিষ্ঠান প্রায় ২ হাজার কর্মী নিয়োগের লক্ষ্য নিয়ে অংশ নিয়েছে। আয়োজকরা প্রত্যাশা করছেন, দিনব্যাপী এ মেলায় ২০ হাজারের বেশি চাকরিপ্রত্যাশী অংশ নেবেন।
মেলার উদ্বোধন করেন বিডিজবস ডট কমের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ফাহিম মাশরুর। উদ্বোধনের পর থেকেই বিভিন্ন প্রতিষ্ঠানের স্টলে চাকরিপ্রার্থীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।
মেলায় দেশী-বিদেশী শতাধিক প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এর মধ্যে প্রাণ-আরএফএল, ওয়ালটন, লগিস্কুল, এক্সপ্রেসআইটি ডু, অ্যাডেভস, টেকস্পায়ার ল্যাবস এবং এএসএ ইন্টারন্যাশনালের মতো প্রতিষ্ঠানগুলো তথ্যপ্রযুক্তি, সফটওয়্যার উন্নয়ন, সাইবার নিরাপত্তা, ডিজিটাল বিপণন ও ব্যবসা উন্নয়নসহ বিভিন্ন খাতে আবেদন গ্রহণ করছে।
অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো কোডিং, রোবটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষক, সফটওয়্যার বিক্রয় নির্বাহী, ব্যবসা উন্নয়ন কর্মকর্তা, জ্যেষ্ঠ পূর্ণাঙ্গ সফটওয়্যার নির্মাতা, ডিজিটাল বিপণন নির্বাহী, সফটওয়্যার মান নিয়ন্ত্রণ প্রকৌশলী, ব্যবসা বিশ্লেষক, জ্যেষ্ঠ তথ্যভাণ্ডার প্রশাসক এবং নিরাপত্তা কার্যক্রম বিশ্লেষকসহ বিভিন্ন পদে কর্মী খুঁজছে।
সদ্য স্নাতক ও নতুন চাকরিপ্রত্যাশীদের জন্যও উল্লেখযোগ্য সুযোগ রাখা হয়েছে। পাঞ্জেরী পাবলিকেশন্স জানিয়েছে, তারা কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের স্নাতকদের সফটওয়্যার নির্মাতা পদে নিয়োগ দিতে আগ্রহী। পাশাপাশি শেষ সেমিস্টারের শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপের সুযোগও রয়েছে।
ফারিদিলার্টের প্রতিনিধিরা জানান, তথ্যপ্রযুক্তি সহায়তা ও গ্রাফিক নকশাবিষয়ক পদে নতুনদের কাছ থেকে ভালো সাড়া পাওয়া যাচ্ছে। মেলায় অংশ নেয়া অনেক চাকরিপ্রার্থীও মনে করছেন, অভিজ্ঞতার বাধ্যবাধকতা তুলনামূলক কম থাকায় প্রযুক্তি খাতে নিজেদের দক্ষতা তুলে ধরার জন্য এটি একটি কার্যকর প্লাটফর্ম।
মেলায় প্রচলিত কাগুজে জীবনবৃত্তান্তের পরিবর্তে অধিকাংশ প্রতিষ্ঠান কিউআর কোড স্ক্যান অথবা বিডিজবসের অনলাইন প্লাটফর্মের মাধ্যমে আবেদন গ্রহণ করছে।
চাকরি মেলার পাশাপাশি প্রযুক্তি খাতের সাম্প্রতিক প্রবণতা ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার নিয়ে দুটি বিশেষ সেমিনারের আয়োজন করা হয়েছে। এসব সেমিনার অংশগ্রহণকারীদের প্রযুক্তি খাতের পরিবর্তনশীল চাহিদা ও ভবিষ্যৎ কর্মপরিবেশ সম্পর্কে ধারণা দিতে সহায়তা করবে।
আয়োজকরা জানিয়েছেন, যারা আগে নিবন্ধন করতে পারেননি, তারাও সরাসরি মেলা প্রাঙ্গণে এসে নিবন্ধন সম্পন্ন করে অংশ নিতে পারবেন। বিকাল ৪টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এ চাকরির মেলা।









