শতবর্ষী জেলা পরিষদ ভবনসহ ইতিহাস-ঐতিহ্যের স্মারক সংরক্ষণের দাবিতে যশোরে অবস্থান কর্মসূচি পালন করেছে জনউদ্যোগ। গতকাল দুপুরে কালেক্টরেট চত্বরে এ কর্মসূচি পালিত হয়।

জনউদ্যোগের আহ্বায়ক প্রকৌশলী নাজির আহমদের সভাপতিত্বে বক্তব্য দেন যশোর ঐতিহ্য রক্ষা সংগ্রাম কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌলাহ্, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দ্দৌলা, সিপিবি জেলা কমিটির সভাপতি আবুল হোসেন, ট্রেড ইউনিয়ন জেলা কমিটির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মজনু প্রমুখ।

বক্তারা বলেন, যুক্ত বাংলার প্রথম জেলা যশোর। আর জেলা পরিষদ ভবনটি দ্বিতীয় প্রশাসনিক ভবন। প্রশাসনিক ব্যবস্থা পরিচালনায় ১৯১৩ সালে ভবনটি নির্মিত হয়। ভবনটি এখন ইতিহাস ও ঐতিহ্যের স্মারক। সম্প্রতি জেলা পরিষদ কর্তৃপক্ষ ভবনটি ভাঙার সিদ্ধান্ত নিয়েছে। জেলা পরিষদ ভবনটি সংস্কারের প্রয়োজন হতে পারে। এক্ষেত্রে মূল নকশা অপরিবর্তিত রেখে সংস্কার করে ভবিষ্যৎ প্রজন্মকে যশোরের ইতিহাস জানার সুযোগ দেয়া উচিত। এছাড়া যশোরের পরিত্যক্ত রেজিস্ট্রি অফিস, জেলা জজ আদালত, পৌরসভার জলকল ভবন, পুলিশ সুপারের কার্যালয়ও ইতিহাস ঐতিহ্যের স্মারক। ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে যশোরের ইতিহাস-ঐতিহ্য সমুন্নত রাখতে ভবনগুলো সংস্কার করে সংরক্ষণ করা দরকার।