চলে গেলেন লোকসংগীতের বরেণ্যশিল্পী ফরিদা পারভীন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার রাত ১০টা ১৫ মিনিটে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭৩। তিনি স্বামী এবং ৪ সন্তান রেখে গেছেন। ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্তী গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন।
ফরিদা পারভীন দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন। সাম্প্রতিক সময়ে সপ্তাহে দুদিন করে ডায়ালাইসিস করাতে হতো। সে কারণেই গত ২ সেপ্টেম্বর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয় তাকে। তবে ওইদিন ডায়ালাইসিসের পর শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সে সময় থেকেই আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। সবশেষ অবস্থার আরো অবনতি হলে তাকে ভেন্টিলেশনে রাখার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। শনিবার সেখানেই মারা যান তিনি।
১৯৫৪ সালে ৩১ ডিসেম্বর নাটোরের সিংড়া থানায় জন্ম নেন ফরিদা পারভীন। গানের জগতে তার পথচলা দীর্ঘ ৫৫ বছরের। ১৯৬৮ সালে রাজশাহী বেতারের তালিকাভুক্ত শিল্পী হিসেবে নজরুলসংগীত গেয়ে সংগীতাঙ্গনে তার সেই পথচলার শুরু। ১৯৭৩ সালে দেশাত্মবোধক গান গেয়ে জনপ্রিয়তা পান। পরে সাধক মোকসেদ আলী শাহর কাছে লালনগীতির তালিম নেন এবং ধীরে ধীরে হয়ে ওঠেন লালনগীতির জীবন্ত কিংবদন্তি।
২০০৮ সালে ফরিদা পারভীনকে ‘ফুকুওয়াকা এশিয়ান কালচার’ পুরস্কারে ভূষিত করে জাপান সরকার। ১৯৯৩ সালে সিনেমার গানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৮৭ সালে অর্জন করেন একুশে পদক। নতুন প্রজন্মকে লালনের গান শেখাতে গড়ে তোলেন ‘অচিন পাখি স্কুল’।
ফরিদা পারভীনের কণ্ঠে বেশ কয়েকটি আধুনিক ও দেশের গানও জনপ্রিয় হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ‘তোমরা ভুলে গেছ মল্লিকাদির নাম’, ‘এই পদ্মা এই মেঘনা’ ইত্যাদি।










