কোটা সংস্কার আন্দোলন ঘিরে মৃত্যু, গুলিবর্ষণ, গ্রেফতারসহ নির্যাতনের নানা ঘটনার সত্য উদ্ঘাটনে ‘জাতীয় গণতদন্ত কমিশন’ গঠন করা হয়েছে। গতকাল দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ‘গণহত্যার বিচার চাই; গায়েবি মামলা, গ্রেফতার ও নির্যাতন বন্ধ করো’ শীর্ষক আইনজীবীদের এক মানববন্ধন থেকে এই কমিশন গঠনের ঘোষণা দেয়া হয়।
জাতীয় গণতদন্ত কমিশনে কারা থাকবেন এবং তাদের কাজের ক্ষেত্র কী হবে, সেটিও মানববন্ধনে পড়ে শোনান এক আইনজীবী। পরে এ-সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রচার করা হয়। এ কমিশনের যুগ্ম সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন আপিল বিভাগের সাবেক বিচারপতি মো. আবদুল মতিন ও মানবাধিকার কর্মী সুলতানা কামাল। কমিশনের সদস্য সচিব অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান ও গবেষক মাহা মির্জা।
জাতীয় গণতদন্ত কমিশনের সদস্যদের মধ্যে আছেন জ্যেষ্ঠ আইনজীবী জেডআই খান পান্না, অধ্যাপক গীতি আরা নাসরিন, আইনজীবী অনীক আর হক, সাংবাদিক আবু সাঈদ খান ও আশরাফ কায়সার।










