সরকারি ব্রজমোহন (বিএম) কলেজকে স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান করার দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। বুধবার (২০ নভেম্বর) দুপুরে কলেজের জিরো পয়েন্টে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করেন। এরপর তারা ক্যাম্পাসজুড়ে বিক্ষোভ মিছিল বের করেন।
শিক্ষার্থীরা জানান, পরীক্ষার উত্তরপত্র যথাযথভাবে মূল্যায়ন এবং সেশনজট কমাতে অবিলম্বে বিএম কলেজকে স্বতন্ত্র প্রতিষ্ঠান ঘোষণা করা প্রয়োজন।
সমাবেশে শিক্ষার্থীদের মধ্যে থেকে বক্তব্য দেন সাহাবুদ্দিন মিয়া, শাকিল আহমেদ শাওন, রাফি, শাহাদাত হোসেনসহ আরো অনেকে। তারা বলেন, বিএম কলেজে চার বছরের অনার্স কোর্স শেষ করতে ছয় থেকে সাত বছর সময় লাগে। এতে চাকরির প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে যায়।
বক্তারা অভিযোগ করে বলেন, পরীক্ষার উত্তরপত্র সঠিকভাবে মূল্যায়ন করা হয় না। ফলে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ সমস্যার সমাধান করতে হলে কলেজ প্রশাসনকে দ্রুত সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা দিতে হবে। এজন্য বিএম কলেজকে স্বতন্ত্র শিক্ষাপ্রতিষ্ঠান ঘোষণা করতে হবে।
শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের দাবি মেনে না নেয়া হলে কঠোর আন্দোলন করা হবে।










