নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলী ফেরিঘাট-সংলগ্ন এলাকার দুটি ইটভাটার শ্রমিকদের খুপরি ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় রোকেয়া বেগম (২৭) নামে এক নারী শ্রমিক আগুনে পুড়ে নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় নবীন ইটভাটা ও জেবিসি ইটভাটায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

নিহত রোকেয়া বেগম নবীন ইটভাটার শ্রমিক ও একই ইটভাটার আরেক  শ্রমিক হারুন অর রশিদের স্ত্রী। আগুনে ৮০-৯০টি খুপরি ঘর পুড়ে গেছে বলে ফায়ার সার্ভিস জানায়। গতকাল বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ফখরউদ্দিন আহমেদ।

নিহতের স্বামী হারুন জানান, রাতে তারা ঘুমিয়ে ছিলেন। কীভাবে আগুন লেগেছে তা তারা জানেন না। তিনি বের হতে পারলেও ঘুমিয়ে থাকা তার স্ত্রী ভেতরে আটকা পড়ে মারা যান।