পুলিশের খুলনা বিভাগের প্রধান (রেঞ্জ ডিআইজি) ড. খন্দকার মহিদ উদ্দিন বলেছেন, মহামারী করোনা মোকাবেলায় আমাদের প্রধান তিনটি কাজ হলো মাস্ক পরিধান, শারীরিক দূরত্ব ও বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়া। বাঁচতে হলে আমাদের অবশ্যই এ তিনটি সত্য মেনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, এ করোনা মোকাবেলায় পুলিশ ১৬ মাস ধরে নিরলস কাজ করে চলেছে। যশোরে লকডাউন চলছে, বসানো হয়েছে চেকপোস্ট। পুলিশ সার্বক্ষণিক নজরদারি করছে। বিশেষ প্রয়োজন ছাড়া কাউকেই রাস্তায় চলাচল করতে দেয়া হচ্ছে না। এর পরও যদি কেউ আইন অমান্য করে রাস্তায় চলাচল করে, তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
গতকাল দুপুরে যশোর জেলার বিভিন্ন চেকপোস্ট পরিদর্শন শেষে শহরের প্রাণকেন্দ্র দড়াটানায় সাংবাদিকদের এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
এ সময় যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক) সার্কেল বিল্লাল হোসাইনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।










