আট জেলায় সাড়ে চার লাখ মানুষ পানিবন্দি বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান অতিরিক্ত সচিব কে এম আলী রেজা।
তিনি বলেন, দেশে আট জেলার ৫০ উপজেলার ৩৫৭টি ইউনিয়ন বন্যাকবলিত। চার লাখ ৪০ হাজার ৮৪০টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ২৯ লাখ ৪ হাজার ৯৬৪ জন। মৃত লোক সংখ্যা দুজন। এদের মধ্যে একজন ফেনীতে আরেকজন ব্রাহ্মণবাড়িয়ায় মারা গেছেন।
পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত লোকজনের জন্য ১ হাজার ৫৩৪টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে জানিয়ে অতিরিক্ত সচিব বলেন, আশ্রয় কেন্দ্রগুলোতে ৭৫ হাজার ৬৬৮ জন লোক এবং ৭ হাজার ৪৫৯টি গবাদিপশুকে আশ্রয় দেয়া হয়েছে। চিকিৎসা সেবা প্রদানের জন্য মোট ৪৪৪টি মেডিকেল টিম চালু রয়েছে।
নগদ ১ কোটি ৮২ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে জানিয়ে কে এম আলী রেজা বলেন, দুর্যোগকবলিত জনগণের জন্য ১৩ হাজার ৬৫০ মেট্রিক টন চাল ও ১১ হাজার বস্তা শুকনা খাবার বরাদ্দ করা হয়েছে। এছাড়া দেশের সকল জেলায় পর্যাপ্ত ত্রাণ মজুদ রয়েছে।
তিনি জানান, বন্যা আক্রান্ত জেলাগুলোতে জেলা প্রশাসককে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, সেনাবাহিনী, নৌবাহিনী, মেডিকেল টিম ও অন্যান্য টিমের সঙ্গে কাজ করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানিয়েছেন অতিরিক্ত সচিব।










