অবৈধভাবে গ্যাস সংযোগ ব্যবহার করায় নারায়ণগঞ্জের ফতুল্লার ভূইগড়ে চারটি প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে। তিতাসের এ একাধিক আকস্মিক অভিযান পরিচালনা করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদ। এ সময় তিতাস গ্যাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তিতাস সূত্রে জানা গেছে, অভিযানে ফতুল্লার ভূইগড় এলাকার আনিকা ওয়াশিং প্ল্যান্টের একটি ৩০০ কেজি বয়লার, চারটি ড্রায়ার, রাকি স্পেশাল চানাচুর ফ্যাক্টরির বার বার্নার, স্টার বার্নার; এন এস ওয়াশিং প্ল্যান্টের চারটি ড্রায়ার, সূচি প্রিমিয়াম বেকারির চারটি ওভেন, একটি ট্যানেল ও একটি স্টার বার্নারের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও গ্যাস লাইন উচ্ছেদ করা হয়েছে।

উপরোক্ত চারটি স্পটে মোট ৬ হাজার ৪৪৫ ঘনফুট অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিক মোবাইল কোর্ট পরিচালনা করে চারটি প্রতিষ্ঠানকে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের দায়ে আড়াই লাখ টাকা জরিমানা করেন।

বিগত সপ্তাহে রাজধানীর বিভিন্ন এলাকায় তিতাসের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সংযোগ, পাইপলাইন ও বার্নারের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানাও করা হয়েছে।