ক্যান্ডিতে প্রথম টেস্টে ড্র করে সিরিজ জয়ের স্বপ্ন দেখছিল বাংলাদেশ। যদিও একই ভেনুতে দ্বিতীয় টেস্টে ২০৯ রানে হারল মুমিনুল হকের দল। সফরকারীরা গতকাল পঞ্চম ও শেষ দিন ২২৭ রানে অলআউট হলে বড় জয় নিশ্চিত হয় শ্রীলংকার। ১-০ ব্যবধানে দুই টেস্টের সিরিজটা জিতে নিল দিমুথ করুণারত্নের দল।
৫ উইকেটে ১৭৭ রান নিয়ে গতকাল ব্যাটিংয়ে নামা বাংলাদেশ ২৩ ওভার টিকে থেকে ৫০ রান তুলে বাকি ৫ উইকেট হারায়। অভিষিক্ত প্রবীণ জয়াবিক্রমা টানা দ্বিতীয় ইনিংসে নেন ৫ উইকেট। সব মিলিয়ে ম্যাচে তার শিকার ১১ উইকেট। এছাড়া দ্বিতীয় ইনিংসে চার উইকেট নেন আরেক স্পিনার রমেশ মেন্ডিস। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন জয়াবিক্রমা, আর সিরিজসেরা হয়েছেন দুই টেস্টে চারশোর্ধ্ব রান করা করুণারত্নে।
হারের পর সংবাদ সম্মেলনে মুমিনুল বলেন, আমার মতে এই টেস্টে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল টস। প্রথম দুইদিন উইকেটে বোলারদের জন্য তেমন কিছুই ছিল না। ম্যাচের ৫০ শতাংশ নির্ধারণ হয়ে যায় টসের সময়।
লড়াই করতে না পারার ব্যর্থতা মেনে নিয়ে মুমিনুল বলেন, প্রথম টেস্টে আমরা ছয় সেশন ব্যাটিং করেছি। এই টেস্টে আমরা যদি চার-পাঁচ সেশন ব্যাট করতে পারতাম তবে ব্যাপারটা অন্যরকম হতে পারত। সেটা করতে পারিনি, দায় আমাদেরই। তামিম ভাই বাদ দিলে প্রথম ইনিংসে আমরা কিন্তু একটি দল হিসেবে ব্যাটিং করিনি।










