বগুড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন। সোমবার (৯ ডিসেম্বর) রাত ৮টার দিকে জেলা শহরের গোদারপাড়া সেফওয়ে মোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জহুরুল ইসলাম জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বানিয়া চাপড় এলাকার মৃত সামস উদ্দিনের ছেলে। তিনি বগুড়ার শিবগঞ্জ বিএল কলেজের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন।
বগুড়ার উপশহর ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রমজান আলী জানান, জহুরুল ইসলাম মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে গোদারপাড়া সেফওয়ে মোটেলের সামনে একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে। তবে দুর্ঘটনাকবলিত ট্রাকটি শনাক্ত বা চালককে গ্রেফতার করার বিষয়ে কোনো অগ্রগতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।










