মিয়ানমারের জান্তা সরকারের সঙ্গে আরাকান রাজ্যের বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির সংঘাতের তীব্রতায় টিকতে না পেরে প্রাণভয়ে পালিয়ে এসে বাংলাদেশে প্রবেশ করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) ২৯ সদস্য। তাদের নিরস্ত্র করে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল দুপুরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের জামছড়ি সীমান্তে এ ঘটনা ঘটে। স্থানীয় ও জনপ্রতিনিধিসহ বিজিবি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, গত রোববার সকাল ৬টার দিকে মিয়ানমারের অভ্যন্তরে পরপর আটটি মর্টারশেলের বিস্ফোরণে কেঁপে ওঠে জামছড়ি সীমান্তের পাঁচটি পাড়া। সঙ্গে ভেসে আসা অগণিত গুলির শব্দে সীমান্তবর্তী পাড়াগুলোর অধিবাসীরা চরম আতঙ্কিত হয়ে পড়ে। এর মধ্যে গতকাল দুপুর ১২টার দিকে বিজিবির নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) জামছড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে মিয়ানমারের অংসাব্রে ক্যাম্পের দিক থেকে ২৯ বিজিপি সদস্য বাংলাদেশে অনুপ্রবেশ করে আশ্রয় প্রার্থনা করে। তাদের হেফাজতে নিয়েছে বিজিবি।
একই কারণে গত মাসে কয়েক দফায় সামরিক-বেসামরিক মিলে মিয়ানমারের ৩৩০ জন নাগরিক বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছিল। তাদের মধ্যে বিজিপি সদস্য ৩০২ জন, চারজন বিজিপি পরিবারের সদস্য, দুজন সেনা সদস্য, ১৮ জন ইমিগ্রেশন অফিসের সদস্য ও চারজন বেসামরিক নাগরিক ছিল। গত ১৫ ফেব্রুয়ারি কক্সবাজার ইনানীর নৌবাহিনী জেটিঘাটে মিয়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয় বলে জানিয়েছিল বিজিবি।
বিজিপির ২৯ সদস্যকে বিজিবির হেফাজতে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবান জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন। তিনি বলেন, ‘৪৫ নম্বর সীমান্ত পিলার এলাকায় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির ২৯ সদস্য বাংলাদেশে অনুপ্রবেশ করে বিজিবির কাছে আশ্রয় প্রার্থনা করে। পরে তাদের নিরস্ত্র করে জামছড়ি বিওপির অধীন স্থানীয় একটি চা বাগানে রাখা হয়েছে।’
এদিকে নাইক্ষ্যংছড়ি সীমান্তে গতকাল বিকালে সাবের হোসেন নামে ইউনিয়ন পরিষদের একজন সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। তিনি পালিয়ে আসা বিজিপি সদস্যদের খোঁজখবর নিতে জামছড়ি এলাকার সীমান্তে গিয়েছিলেন। সেখানে সীমান্তের শূন্যরেখার কাছাকাছি দাঁড়িয়ে ফোন করার সময় হঠাৎ একটি গুলি এসে তার বাঁ পায়ের হাঁটুতে লেগেছে বলে গুলিবিদ্ধ সাবের হোসেন জানিয়েছেন।
সাবের হোসেনের গুলিবিদ্ধ হওয়ার সময় নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাবের সভাপতি আবদুল হামিদও সেখানে ছিলেন। তিনি বলেন, ‘বিকাল ৪টার পর সীমান্তের ওপারে প্রচণ্ড গোলাগুলির শব্দ শোনা যাচ্ছিল। এ সময় হঠাৎ সাবের হোসেন গুলিবিদ্ধ হন।’










