অপশক্তিকে পরাজিত করে স্বাধীনতার শক্তিকে এগিয়ে নিতে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, স্বাধীনতার ৫৫ বছর পরে আবার সেই অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে। তারা সেদিন আমাদের মা-বোনদের সম্ভ্রমহানি করেছে, পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা করেছে, হত্যাকাণ্ড চালিয়েছে।
তিনি বলেন, আমাদের সতর্কতার সঙ্গে সেই অপশক্তিকে পরাজিত করে স্বাধীনতার শক্তিকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। সেখানেই আমাদের সাফল্য।
আজ শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত বিএনপির আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এতে প্রধান অতিথির বক্তব্য দেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিএনপি মহাসচিব বলেন, আমরা সবাই আমাদের নেতা তারেক রহমানের ওপরে প্রচন্ড রকমের আশাবাদী। তিনি আসার পরেই মানুষের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করেছেন, আশা জাগিয়ে চলেছেন। দেশে এসেই তিনি বললেন ‘আই হ্যাভ এ প্ল্যান।’
তিনি বলেন, আমাদের নেতা প্রতিশোধের কথা বললেন না, প্রতিহিংসার কথা বললেন না। বললেন ‘আই হ্যাভ এ প্ল্যান।’ আমি একটা পরিকল্পনা নিয়ে এসেছি দেশটাকে গড়বার।
নির্বাচনের পুরো সময়টা যেসব কাজের কথা বলে প্রচারণা চালিয়েছি নির্বাচনের পরপরই তিনি প্রথমে সেই কাজে হাত দিয়েছেন। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষকদের ১০ হাজার টাকা কৃষি ঋণ মওকুফ, খাল খনন কাজ শুরু হয়ে গেছে।
মির্জা ফখরুল বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেরকম একটা কর্মযজ্ঞ শুরু করেছিলেন, তিনি দায়িত্ব পাওয়ার পর মাত্র সাড়ে তিন বছরে তিনি গোটা দেশকে সেই বোটমলেস বাস্কেট থেকে একটা একটা সম্ভাবনাময় বাংলাদেশে পরিণত করতে সক্ষম হয়েছিলেন। তারই যোগ্য পুত্র তারেক রহমান আজকে আমাদের সেই পথ দেখাচ্ছেন।
সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আসুন আমরা সব অপশক্তিকে পরাজিত করে আমাদের নেতা তারেক রহমান সাহেবের হাত শক্তিশালী করে সামনের দিকে এগিয়ে যাই। অতীতচারিতা ভুলে গিয়ে আমরা শুধু অর্জন করি আমাদের সুন্দর ভবিষ্যৎ, আমাদের সন্তানদের জন্য সুন্দর ভবিষ্যৎ। বাংলাদেশ যেন মাথা উঁচু করে বিশ্বের দরবারে দাঁড়াতে পারে সেই কথা আমরা বলতে চাই।










