চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে দেখা গেছে, পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১২ লাখ ৩৫ হাজার ৬৬১ শিক্ষার্থী। এর মধ্যে ৫ লাখ ৮ হাজার ৭০১ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন, যা মোট পরীক্ষার্থীর ৪১ দশমিক ১৭ শতাংশ।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় সব শিক্ষা বোর্ড থেকে একযোগে এ ফল প্রকাশ করা হয়।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন ১২ লাখ ৩৫ হাজার ৬৬১ জন শিক্ষার্থী। তাদের মধ্যে পাস করেছেন ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জন শিক্ষার্থী। গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। আর ফেল করেছেন ৫ লাখ ৮ হাজার ৭০১ জন। গড় ফেলের হার ৪১ দশমিক ১৭ শতাংশ।
আরো দেখা যায়, ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় দেশের ২০২টি শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি। গত বছর অর্থাৎ, ২০২৪ সালে এইচএসসিতে এমন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৬৫টি।










