দৈনিক ইত্তেফাকের মিরসরাই সংবাদদাতা সুজন চন্দ্র মন্ডলের (৩৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ১০টায় উপজেলা সদরে অবস্থিত তার ব্যক্তিগত অফিস থেকে দরজা ভেঙে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে মিরসরাই থানা পুলিশ।

মিরসরাই থানার পরিদর্শক (অপারেশন) দীনেশ দাশগুপ্ত জানান, সাংবাদিক সুজনকে সারা দিন না দেখে ও অফিসের দরজা ভেতর থেকে বন্ধ দেখে তার বন্ধুরা থানায় খবর দেয়। পরে রাতে পুলিশ সুজনের ব্যক্তিগত অফিসের দরজা ভেঙে দেখতে পায় অফিসের ভেতরে তার মরদেহ ঝুলছে। পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এটি আত্মহত্যা না পরিকল্পিত হত্যাকাণ্ড, তা তদন্ত করা হচ্ছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা। গতকাল সকালে ময়নাতদন্তের জন্য সাংবাদিক সুজনের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নেয়া হয়।

সুজন চন্দ্র মন্ডলের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মিরসরাইয়ের সাংবাদিক অঙ্গনে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মিরসরাই ও সীতাকুণ্ড প্রেস ক্লাবের নেতারা।